ফেসবুকের নাম ‘বদনবই’, বাংলা একাডেমির ব্যাখ্যা

৩ মার্চ, ২০২০ ১০:০৪  
বাংলা একাডেমির নাম ও মনোগ্রাম ব্যবহার করে একটি পেজ থেকে ফেসবুকের বাংলা নাম ‘বদনবই’ ব্যবহার করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সোমবার (২ মার্চ) সকাল থেকে বিষয়টি আলোচনায় ছিলো। তবে এই পেজটি ভুয়া বলে জানিয়েছে বাংলা একাডেমি। মনোগ্রাম ও ‘বাংলা একাডেমি’ নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি অসাধু গোষ্ঠী জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে জানায় বাংলা একাডেমি। একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি’ নামে ভুয়া ফেসবুক আইডি খুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। বাংলা একাডেমি এই চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও বাংলা একাডেমির একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ লিংকও সেখানে যুক্ত করা হয় (www.facebook.com/banglaacademy.gov.bd)। এ বিষয়ে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তা কবি পিয়াস মজিদ জানান, ফেসবুক ‘বদনবই’ এ ধরনের কোনো শব্দের বঙ্গানুবাদ করেনি বাংলা একাডেমি কর্তৃপক্ষ। আমাদের কাছে অনেকেই (সাংবাদিক) বিষয়টি জানতে চেয়েছে, তাই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।